ঝড়ের সতর্কবার্তা: রাতে ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

নদীপথে চলাচল বন্ধের সুপারিশ, বজ্রপাত ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

টুইট ডেস্ক: আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য এই ঝড়ে ঘণ্টায় বাতাসের গতি ১০০ কিলোমিটারের বেশি হতে পারে, সঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাত ও দমকা হাওয়া।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ পূর্বাভাস দেন। তিনি জানান, রাত ১১টার পর থেকেই ঝড়ের প্রভাব শুরু হতে পারে, যা গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের প্রধান নদী অঞ্চল—পদ্মা, মেঘনা ও যমুনা—ঘিরে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া, বজ্রপাতে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, জননিরাপত্তার স্বার্থে রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। বিশেষ করে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আবহাওয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, নিরাপদ স্থানে অবস্থান করা এবং বৈদ্যুতিক সংযোগ থেকে সাবধান থাকার জন্যও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।