১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

কালবৈশাখী ও ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা।
টুইট ডেস্ক: দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনাসহ ১৭ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে ৪৮ ঘণ্টার বিশেষ সতর্কবার্তায় দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
শুধু ঝড় নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি থাকায় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নদীপথ ব্যবহারকারী, কৃষক ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






