সুস্থতার পথে মির্জা আব্বাস, দেশে ফেরার আশাবাদ

চিকিৎসায় উন্নতি, পুনর্বাসন শেষে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত পরিবারের।
টুইট ডেস্ক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে তিনি বলেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি।
আফরোজা আব্বাসের ভাষ্য, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফেরার আশা রয়েছে। এতে নেতা-কর্মীদের উদ্বেগ অনেকটাই কেটেছে।
দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয় মির্জা আব্বাসকে। সেখানে নিয়মিত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা চলছে। তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে এই ধাপটি গুরুত্বপূর্ণ।
চিকিৎসক সূত্রে জানা গেছে, তিনি এখন কথা বলতে পারছেন, বসতে পারছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরার সক্ষমতা ফিরে পাচ্ছেন-যা তার সুস্থতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। প্রায় এক মাসের নিবিড় চিকিৎসার পর এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক অঙ্গনে অভিজ্ঞ ও প্রভাবশালী এই নেতার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সুস্থ হয়ে শিগগিরই সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেন মির্জা আব্বাস।






