আইডেন্টিটি ইস্যুতে ক্ষুব্ধ জামায়াত আমির

ব্যক্তিগত আইডেন্টিটি ও আদর্শ নিয়ে প্রশ্নকে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করলেন জামায়াত আমির।
টুইট প্রতিবেদক: জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফজলুর রহমান তাঁর ব্যক্তিগত পরিচয় ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে গুরুতর অপরাধ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারেন না। তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে আরও বলেন, যদি কেউ করে থাকেন তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) পরিস্থিতি শান্ত করেন।
শফিকুর রহমানের প্রতিক্রিয়া
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে তিনি গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ নির্বাচনের বিষয়ে কথা বলে বাড়তি অপরাধ করেছেন।”
তিনি আরও বলেন, “আমি সবসময় বলে থাকি যে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন। তাহলে কি তাঁকে জিজ্ঞেস করে দল করতে হবে? এটা আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব বা কোন আদর্শ অনুসরণ করব—এতে রাষ্ট্র কাউকে হস্তক্ষেপের অধিকার দেয়নি।”
জামায়াত আমির ফজলুর রহমানের বক্তব্যের ওই অংশ সংসদ থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে ফজলুর রহমান এ মন্তব্য করেন। বিরোধী সদস্যদের প্রতিবাদের মুখে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না। আর করলে ডাবল অপরাধ করছেন।”
এ ঘটনায় সংসদে প্রায় ৩০ মিনিট উত্তেজনা বিরাজ করে। ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সূত্র: সংসদীয় অধিবেশন ২৮ এপ্রিল ২০২৬






