যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্বোধন

বহু প্রতীক্ষিত প্রকল্পে নতুন গতি, ২০২৮ সালের মধ্যে কাজ শেষের আশা

টুইট ডেস্ক: যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Tarique Rahman।

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এ প্রকল্পে নতুন করে গতি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রকল্পের ইতিহাস অনুযায়ী, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় এবং শহরের দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। পরে রাজনৈতিক পরিবর্তনের পর নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে স্থবির থাকে।

পরবর্তীতে ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এবং অস্থায়ীভাবে জেনারেল হাসপাতাল ভবনে কার্যক্রম চালানো হয়। ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ আর এগোয়নি।

দীর্ঘ আন্দোলন ও দাবির পর ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্প অনুমোদন দেয়। ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পে গতি আসে।

গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ৬৭৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন, শিক্ষার্থী ও ইন্টার্নদের জন্য পৃথক হোস্টেল, নার্সিং কলেজ, চিকিৎসক ও কর্মচারীদের আবাসন, ৫০০ আসনের মিলনায়তন, মসজিদ ও বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। ২০২৮ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

স্থানীয় শিক্ষার্থী ও চিকিৎসকরা বলছেন, হাসপাতালটি চালু হলে মেডিকেল শিক্ষার মান উন্নত হবে এবং যশোরসহ আশপাশের প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এর আগে একই দিন শার্শায় উলাশী-যদুনাথপুর এলাকায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।