শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

কৃষকবান্ধব রাজনীতির পথিকৃৎকে স্মরণে নানা কর্মসূচি।
টুইট ডেস্ক: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে শেরেবাংলার অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, শেরেবাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। তিনি কৃষিনির্ভর বাংলার বাস্তবতা অনুধাবন করে কৃষক-শ্রমিকের অধিকারকে রাজনৈতিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করেন। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি কৃষকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং প্রশাসনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে শেরেবাংলা প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার ভিত্তি গড়ে দেন।
শেরেবাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বাংলার রাজনৈতিক ইতিহাসে তিনি কৃষক-জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে স্মরণীয় হয়ে আছেন।






