অখণ্ড ভারতের নেতা ছিলেন শেরে বাংলা: প্রধানমন্ত্রী

ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্মরণ করলেন কৃষকবান্ধব নেতৃত্ব।
টুইট ডেস্ক: শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাকে ‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, উপমহাদেশের রাজনীতির এক অনন্য উচ্চতায় তিনি আসীন ছিলেন।
সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শেরে বাংলার সংবেদনশীলতা, রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীন নেতৃত্ব তাকে সর্বভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল।
প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তার ভাষায়, এই প্রস্তাব আজও ইতিহাস ও রাষ্ট্রচিন্তায় গভীর গুরুত্ব বহন করে।
বাণীতে কৃষক-শ্রমিকবান্ধব রাজনীতিতে ফজলুল হকের ভূমিকা বিশেষভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলার কৃষিনির্ভর সমাজ ও অর্থনীতির বাস্তবতা তিনি প্রথম গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং কৃষকের স্বার্থকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শেরে বাংলা প্রশাসনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করেন, শিক্ষার বিস্তার ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধানমন্ত্রী মনে করেন, শেরে বাংলার আদর্শ, গণমুখী রাজনীতি এবং সামাজিক ন্যায়বিচারের দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্ম নেওয়া শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থেকে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী- নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার ঐতিহাসিক অবদান আজও জাতীয় রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে আছে।






