ভর্তি জটিলতায় বছরে অপচয় ৪০ লাখ বছর: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট, সমন্বিত ব্যবস্থার তাগিদ।
টুইট ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থায় ভর্তি প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের বিপুল সময় অপচয় হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জটিলতা ও সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় অপেক্ষায় থাকে। ফলে বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ বছর’ সময় অপচয় হচ্ছে, যা দেশের জনমিতিক সম্ভাবনাকে (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) ক্ষতিগ্রস্ত করছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান ভর্তি ব্যবস্থায় সমন্বয়ের অভাব থাকায় শিক্ষার্থীরা একাধিক প্রতিষ্ঠানে আবেদন, পরীক্ষা ও ফলাফলের জন্য দীর্ঘ সময় ব্যয় করছে। এতে শিক্ষাজীবনে অনাকাঙ্ক্ষিত বিরতি তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি কাটাতে দ্রুত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
সংশ্লিষ্টরা মনে করছেন, একক ভর্তি পদ্ধতি চালু হলে দেশের উচ্চশিক্ষা খাতে শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।






