বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছের লক্ষ্য

পরিবেশ রক্ষায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, উপস্থিত ছিলেন ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান ভূঁঞা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.), ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম, ট্রাস্ট সদস্য ডা. অং চালু, মোহাম্মদ ইসলাম ও এম. আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।