৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

অর্থ তছরুপের অভিযোগ অস্বীকার, অডিট রিপোর্ট জমার দাবি।

টুইট ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে সাত দিনের জন্য ১ কোটি টাকা প্রদান করেছিল বাংলাদেশ ব্যাংক এমন দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি–এ যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণভোট প্রচারণার জন্য অর্থ তছরুপের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

রিফাত রশিদ দাবি করেন, গণভোট ক্যাম্পেইনের জন্য প্রাথমিকভাবে ১৫ দিনের পরিকল্পনায় ৫ কোটি টাকার চুক্তি হয়। তবে সময়স্বল্পতার কারণে শেষ পর্যন্ত সাত দিনের প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট নিবন্ধিত একটি ফাউন্ডেশনে ১ কোটি টাকা প্রদান করে।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন নিয়ম ও শর্ত মানা হয়েছে এবং পরে নির্ধারিত অডিট ফার্মের মাধ্যমে সম্পূর্ণ আর্থিক হিসাব নিরীক্ষা করা হয়। সেই অডিট রিপোর্ট ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অবস্থান জানিয়ে রিফাত রশিদ বলেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে ও সংগঠনকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

তিনি আরও জানান, প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) যেকোনো তদন্ত সংস্থাকে পূর্ণ সহযোগিতা করতে তারা প্রস্তুত এবং সব আর্থিক নথি সংরক্ষিত রয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক–এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।