আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জনবান্ধব জনপ্রশাসন গঠনে বিকল্প নেই-নিউ ইস্কাটনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য।
টুইট ডেস্ক: প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন–এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রশিক্ষিত ও জনমুখী প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দেশের একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান স্পষ্ট করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে, আর সরকার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।






