লামার আজিজনগরে রাবার শিট সংরক্ষণাগারে আগুন

হুমকি ও চাঁদার জেরে পরিকল্পিত অগ্নিসংযোগের দাবি; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সোলেমান বাজার এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি রাবার শিট সংরক্ষণাগার পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগান মালিক।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১২ মিনিটে আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আগুনে রাবার বাগানের হ্যাঙ্গার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং বিক্রির জন্য মজুদ রাখা রাবার শিট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

বাগান মালিক মো. ওমর ফারুক অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার সংরক্ষণাগারে আগুন দিয়েছে। তিনি জানান, গত ১৩ এপ্রিল তার প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার রাবার চুরি হয়। একই দিনে স্থানীয় এক ছাত্রসংগঠনের নেতার পক্ষ থেকে তার কাছে চাঁদা দাবি করা হয়।

তার দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৫ এপ্রিল ২০ থেকে ৩০ জনের একটি দল তাকে প্রকাশ্যে মারধর করে এবং পরবর্তীতে আরও বড় অঙ্কের টাকা দাবি করে। এমনকি ব্যবসা পরিচালনা অব্যাহত রাখতে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হয়।

ওমর ফারুক আরও বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরদিন রাতেই তার সংরক্ষণাগারে আগুন দেওয়া হয়েছে, যা প্রাণনাশের উদ্দেশ্যেও হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

ঘটনার রাতেই আজিজনগর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে লামা থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।