থার্ড টার্মিনাল উদ্বোধন হতে পারে ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে: বিমান প্রতিমন্ত্রী

বিমান ও পর্যটন খাতে বড় পরিকল্পনা ও নতুন সিদ্ধান্ত।

টুইট ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, নতুন এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বা পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান, যা বিমানবন্দরের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করতে কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চল উন্নয়নের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।