এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু, আকস্মিক পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে ২ হাজার ৪৯০ কেন্দ্রে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

টুইট ডেস্ক: এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে শিক্ষামন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ২১ এপ্রিল পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেন।

এবারের পরীক্ষায় সারাদেশে ২ হাজার ৪৯০টি কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী। একই সময়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পর্যায়ের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

মোট পরীক্ষার্থীদের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং সাড়ে ৯টার মধ্যে অবশ্যই প্রবেশ সম্পন্ন করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রথম দিনের মতো আজও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। প্রশ্নফাঁস, গুজব, নকল ও প্রযুক্তি ব্যবহার করে অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।