বান্দরবানের পাহাড়ে তিন শ্রমিকের খোঁজ নেই: প্রশ্ন বাড়ছে নিরাপত্তা নিয়ে

নাইক্ষ্যংছড়ির পাহাড়ি বাগান থেকে মুখোশধারী সশস্ত্র দলের হামলা, আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। দরজা খুলতেই মুখোশধারীরা অস্ত্র তাক করে ভয়ভীতি দেখিয়ে তিনজনকে তুলে নিয়ে যায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। সে সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, গভীর রাতে দরজায় শব্দ পেয়ে তারা জেগে ওঠেন। দরজা খুলতেই মুখোশধারীরা অস্ত্র তাক করে ভয়ভীতি দেখিয়ে তিনজনকে তুলে নিয়ে যায়। প্রতিরোধের সুযোগ পাননি কেউ।

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি দা ও ৩টি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্টু বলেন, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটে। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি। সাম্প্রতিক এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।