সংরক্ষিত নারী আসন: ১১ দলীয় জোটের ১২ মনোনয়ন গৃহীত

মনোনয়ন যাচাই-বাছাইয়ে এক প্রার্থীর নথি ঘাটতি, বিকল্প প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক: সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১ দলীয় জোটের দাখিল করা ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
যাচাই-বাছাই প্রক্রিয়ায় ডকুমেন্টস ঘাটতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন প্রাথমিকভাবে গৃহীত হয়নি। তাকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সব মনোনয়নই গৃহীত হবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মনিরা শারমিন বা বিকল্প প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গৃহীত না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি আরও বলেন, জাতির প্রয়োজনে তারা সহযোগিতায় প্রস্তুত রয়েছেন; তবে ব্যত্যয় ঘটলে সংসদ ও রাজপথে আন্দোলনের কথাও উল্লেখ করেন।
যে প্রার্থীদের মনোনয়ন গৃহীত হয়েছে তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবিকুন্নাহার, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, শামছুন্নাহার বেগম, মোসা. নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকা, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম ও সাজেদা সামাদ; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর তাসমিয়া প্রধান; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাহমুদা আলম মিতু; এবং খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।






