নগর ব্যবস্থাপনা জোরদারে প্রশাসকদের সঙ্গে মীর শাহে আলমের মতবিনিময়

নগর সেবা উন্নয়ন ও সমন্বিত কার্যক্রম জোরদারে ৯টি সিটি করপোরেশনের প্রশাসকদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি-এর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ৯টি সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর শাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সুশৃঙ্খল করতে প্রশাসনিক সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। তিনি রাজশাহীতে চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারী প্রশাসকরা নিজ নিজ সিটি করপোরেশনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।







