রাজশাহীকে নান্দনিক শহর গড়ার নতুন উদ্যোগ প্রশাসকের

সড়ক বিভাজকে সবুজায়ন। টব–ড্রামে বৃক্ষরোপণে রাজশাহীর সৌন্দর্য বাড়াতে নতুন উদ্যোগ।
স্টাফ রিপোটার: মহানগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) প্রাথমিকভাবে নগরীর দড়িখরবনা মোড় থেকে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝখানে টব ও ড্রামের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক রিটন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পিত এই উদ্যোগের মাধ্যমে এমন সব সড়ককে সবুজায়নের আওতায় আনা হচ্ছে, যেখানে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়। টব ও ড্রামে গাছ লাগানোর ফলে পরিচর্যা সহজ হবে এবং প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্তনও করা যাবে, যা নগর ব্যবস্থাপনায় একটি কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিদর্শন শেষে প্রশাসক রিটন বলেন, “পর্যায়ক্রমে নগরীর আরও গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতা পেলে রাজশাহীকে একটি আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।”
এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান এবং পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, নগরীর রোড ডিভাইডারে টবভিত্তিক সবুজায়ন কেবল দৃষ্টিনন্দন পরিবেশই তৈরি করে না, বরং বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নাগরিক মানসিক স্বস্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ উদ্যোগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে নিয়মিত পরিচর্যা, পানি সরবরাহ ও নাগরিক সচেতনতার ওপর।






