তেল-গ্যাস সংকটে সিন্ডিকেট ঠেকাতে কঠোর অবস্থান: রিজভী

জ্বালানি বাজারে অনিয়ম রোধে সরকারের নজরদারি জোরদারের আশ্বাস

টুইট ডেস্ক: জ্বালানি তেল ও গ্যাস সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে।

এসময় তিনি গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তার মতে, সংশ্লিষ্টদের রিমান্ডে নিলে অনেক গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে।

গুমসংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে রিজভী বলেন, বিদ্যমান আইনে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা সংশোধন করে আরও কার্যকর ও মানবিক আইন প্রণয়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন আইন করা হবে যাতে গুমের মতো মানবাধিকারবিরোধী ঘটনা আর ঘটতে না পারে।