দাম বাড়লেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

রেশনিংয়ে তেল বিক্রি; রাতভর অপেক্ষার পরও কাঙ্ক্ষিত সরবরাহ মিলছে না।

টুইট ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভোগান্তি। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ এপ্রিল) ভোর থেকেই বিভিন্ন পাম্পে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ সারি দেখা গেছে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগ এলাকার একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণে তেল কিনছেন।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। অনেক পাম্পে নির্ধারিত সীমার বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ, ফলে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।

সরকার বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে। নতুন দামে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

তবে দাম বাড়লেও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। বরং অতিরিক্ত ব্যয়ের চাপের পাশাপাশি জ্বালানি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারে ছড়িয়ে পড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।