দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়া সফরে সিটি করপোরেশন ঘোষণা ও একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন।

টুইট ডেস্ক: দীর্ঘ দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি।

সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। এছাড়া একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।

জানা গেছে, প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছে প্রথমেই দেড়শ বছরের পুরোনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দেবেন। সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ি এলাকায় গিয়েছিলেন তারেক রহমান। এবার প্রায় ২০ বছর পর তিনি সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গাবতলী এলাকার বাসিন্দারা একনজর প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি প্রেসক্লাব উদ্বোধন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণের মতো উন্নয়ন কার্যক্রমও হাতে নেওয়া হবে।

এছাড়া বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা-বগুড়া উন্নয়নের মূলধারায় আরও এগিয়ে যাবে এবং অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত হবে।