বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে নতুন মুখ

চমকের রাজনীতিতে প্রবেশ। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে নতুন মুখ, নারীদের জন্য কাজের অঙ্গীকার।
নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে নতুন চমক হিসেবে আবির্ভূত হয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়নপত্র সংগ্রহ করে ইতোমধ্যে সাক্ষাৎকার প্রক্রিয়াতেও অংশ নিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত সাক্ষাৎকার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চমক জানান, দেশের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, বিএনপির প্ল্যাটফর্ম তাকে সেই সুযোগ করে দিতে পারে।
মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি শতভাগ আশাবাদী। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
রাজনৈতিক অঙ্গনে নতুন হলেও জনপরিচিত মুখ হিসেবে তার উপস্থিতি ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনীতিতে সম্পৃক্ততা দলীয় ভাবমূর্তি এবং ভোটার সংযোগ—উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত মনোনয়ন নির্ভর করবে দলীয় নীতিনির্ধারকদের কৌশলগত সিদ্ধান্তের ওপর।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর নাটক ও বিভিন্ন মাধ্যমে কাজ করে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন।
বর্তমান প্রেক্ষাপটে তার এই রাজনৈতিক যাত্রা কেবল ব্যক্তিগত ক্যারিয়ারের নতুন অধ্যায়ই নয়, বরং নারী নেতৃত্বের প্রসারে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।






