আইএমএফ ঋণের কিস্তি ছাড়ে এখনও সিদ্ধান্ত হয়নি

দুই সপ্তাহের মধ্যে আলোচনায় অগ্রগতি আশা অর্থমন্ত্রীর।

টুইট ডেস্ক: বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক–এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইএমএফের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশের সঙ্গে আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়, ফলে মোট ঋণ কর্মসূচির পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এ পর্যন্ত এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে। বাকি কিস্তি ছাড়ের বিষয়ে চলমান আলোচনার ওপরই নির্ভর করছে পরবর্তী অর্থ ছাড়ের সিদ্ধান্ত।