রুমায় সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতোয়ারা পাড়াবাসী

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মংয়ের উপস্থিতিতে সম্প্রীতির উৎসব; বর্ণিল আয়োজনে প্রাণচাঞ্চল্য।
নিজস্ব প্রতিবেদক; বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়ে’ উপলক্ষে বর্ণাঢ্য জলকেলি (মৈত্রী পানিবর্ষণ), সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পলিকা পাড়ায় আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবান একটি অসাম্প্রদায়িক জেলা, যেখানে সব জাতিসত্তার মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। আধুনিকতার ভিড়ে এমন ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির স্বকীয়তা তুলে ধরে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত ইন্দিরা মহাথের, বিহারাধ্যক্ষ, পলিকা পাড়া বৌদ্ধ বিহার। আলোচক হিসেবে বক্তব্য দেন উঃ নাইন্দিয়া থেরো, নির্বাহী পরিচালক, অগ্রবংশ অনাথালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঃ চনুমং মারমা, সভাপতি, কেন্দ্রীয় সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ; মানস বড়ুয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রুমা থানা; উঃ শৈমং মারমা, সাবেক চেয়ারম্যান; উচো মং মারমা, সাধারণ সম্পাদক, আদিবাসী ফোরাম; মাহাবুব হাসান খান বাবুল, প্রকাশক, পাহাড় কণ্ঠ ডটকম; এবং প্রকৃতি বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈচিংথুই মারমা এবং সঞ্চালনায় ছিলেন মংমিন মারমা। এসময় কেন্দ্রীয় সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজকদের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করা হয়।
উৎসবে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। মৈত্রী পানিবর্ষণের মাধ্যমে একে অপরের প্রতি শুভকামনা বিনিময় ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
এছাড়াও ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মারমা সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনধারার নান্দনিক উপস্থাপন দর্শকদের মুগ্ধ করে।
বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।






