তেলের লাইনে রাতভর অপেক্ষা, তবুও মিলছে না জ্বালানি

রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি; সরবরাহ সংকটে বাড়ছে ভোগান্তি, কালোবাজারের অভিযোগ।
টুইট ডেস্ক: রাজধানীতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না সাধারণ চালকরা। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি রাতভর অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও রাত ১০টা থেকে, আবার কোথাও ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা।
মাদরাসা শিক্ষক ও ইমাম মিজানুর রহমান জানান, তিনদিন ধরে চেষ্টা করেও তিনি তেল পাননি। একাধিক পাম্প ঘুরে শেষে কুড়িল এলাকার একটি পাম্পে লাইনে দাঁড়ালেও রাতভর অপেক্ষার পরও তেল মেলেনি। পরদিন এসে দেখেন, তার মোটরসাইকেল লাইনের বাইরে সরিয়ে রাখা হয়েছে।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান রাইড শেয়ারিং চালক হাসান আলী। তিনি বলেন, “তেলের জন্য দিন পার করলে আয় করব কীভাবে? এটা আমাদের জীবিকার ওপর সরাসরি আঘাত করছে।”
চালকদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি পাম্প থেকে তেল বাইরে নিয়ে বেশি দামে বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, বাজারে প্রতি লিটার তেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য অসম্ভব।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় নির্দিষ্ট সময় বেঁধে তেল বিক্রি করতে হচ্ছে। কোনো কোনো পাম্পে বিকেল থেকে রাত পর্যন্ত তেল দেওয়া হয়, আর তেল শেষ হয়ে গেলে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
কুড়িলের একটি পাম্পের ব্যবস্থাপক জানান, প্রতিদিন প্রায় ৯ হাজার লিটার জ্বালানি সরবরাহ এলেও চাহিদা রয়েছে প্রায় ১৮ হাজার লিটার। ফলে সংকট থেকেই যাচ্ছে। তিনি বলেন, “সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। এতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিচ্ছে।”
তিনি আরও জানান, পাম্পে শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে। কেউ লাইনে অনিয়ম করছে, কেউ একাধিকবার তেল নিয়ে মজুদ করছে—এসব কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।






