গুলশানে বিএনপির নারী আসনের সাক্ষাৎকার শুরু

সংগ্রামী নারীদের অবদান ও যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন—দুই দিনে ১০ বিভাগের প্রার্থীদের মূল্যায়ন
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে শুক্রবার বিকেল ৩টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দুই দিনব্যাপী এই প্রক্রিয়ার প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছে।
পরদিন বাকি পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকার বোর্ডে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। এতে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দীন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নিচ্ছেন।
সাক্ষাৎকার শুরুর আগে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে গণতন্ত্র আজকের অবস্থানে পৌঁছেছে।
গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে নারীদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি উল্লেখ করেন, অনেক নারী নেত্রী রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হয়েছেন, হামলা ও নির্যাতনের মুখে পড়েছেন।
এসব ত্যাগ ও সাহসিকতা মূল্যায়নের পাশাপাশি সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা, আইন প্রণয়নে অংশগ্রহণের যোগ্যতা, শিক্ষা ও অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।
দলীয় সূত্র বলছে, শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য নয়, যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা চূড়ান্ত করার লক্ষ্যেই এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
এতে করে ভবিষ্যৎ সংসদে নারীদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিয়েই এগোচ্ছে বিএনপি।






