ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ, মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক দিকনির্দেশনা।

টুইট ডেস্ক: আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও প্রশাসনিক ভিত্তি সুসংহত করে।

সেদিন জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন রাষ্ট্রের নাম— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পাকিস্তানে কারাবন্দি থাকায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।

মুজিবনগর সরকার ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি হিসেবে গ্রহণ করে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে।

সেদিনই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পান এম এ জি ওসমানী। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ জোরদার করতে সমগ্র যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

মুজিবনগর সরকারের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পক্ষে জনমত গঠন এবং শরণার্থী ব্যবস্থাপনা সমন্বয় করা। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর দিবস একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, যা জাতির মুক্তির সংগ্রামে সুসংগঠিত রাষ্ট্র কাঠামোর সূচনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।