ন্যাশনাল ট্রাভেলসের হটকারী সিদ্ধান্তে যাত্রী ভোগান্তি চরমে

রাজশাহী থেকে নিজস্ব প্রতিনিধি: জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ন্যাশনাল ট্রাভেলসসহ একাধিক পরিবহনের হঠকারী সিদ্ধান্তে অন্তত ৩১টি বাস বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তেল সরবরাহে বিঘ্নের অজুহাতে ন্যাশনাল ট্রাভেলসের ১১টি বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যায়নি। একই সঙ্গে অন্যান্য পরিবহনের আরও প্রায় ২০টি বাস বাতিল করা হয়। ফলে হঠাৎ করেই সড়ক যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়।
এদিকে, যেসব বাস শেষ পর্যন্ত ছেড়েছে, সেগুলোর বেশিরভাগই নির্ধারিত সময়ের অন্তত ৩ ঘণ্টা পর টার্মিনাল ত্যাগ করে। এতে করে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
ঘোষণা ছাড়াই বাস বাতিলের ঘটনায় টার্মিনালে শত শত যাত্রী আটকা পড়েন। আগে থেকে টিকিট কাটা যাত্রীরা নির্ধারিত সময়ে এসে বাস না পেয়ে চরম বিপাকে পড়েন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহন খুঁজতে থাকেন।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, পরিবহন কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো পূর্ব সতর্কতা বা ঘোষণা ছাড়াই বাস বাতিল করায় তাদের জরুরি কাজ ব্যাহত হয়েছে।
পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় বাধ্য হয়েই বাস চলাচল সীমিত করতে হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, সংকটের আড়ালে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতাই পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা না ফিরলে সড়ক পরিবহন খাতে এমন অনিশ্চয়তা আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে।






