মেলার আড়ালে জুয়ার থাবা

ধনবাড়ীতে প্রশাসনের সাঁড়াশি অভিযানে বন্ধ অবৈধ আসর, স্থানীয়দের ক্ষোভ।

টুইট ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈশাখী উৎসবের আবহকে ব্যবহার করে গড়ে ওঠা অবৈধ জুয়ার আসর অবশেষে প্রশাসনের অভিযানে বন্ধ হয়েছে।

বুধবার রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে অনুমতিহীন মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা বাজারে আয়োজিত এ বৈশাখী মেলা মূলত জুয়া, লটারি ও অশ্লীল নৃত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

দিন-রাত চলা এসব কার্যক্রমে এলাকার সামাজিক পরিবেশের অবনতি ঘটছিল বলে অভিযোগ করেন অভিভাবক ও সচেতন মহল।

বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছিল।

এলাকাবাসীর অভিযোগ, কিছু স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির নীরব সমর্থনেই এ আয়োজন চলছিল।

যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই মেলা পরিচালিত হওয়ায় বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।

অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী।

অভিযান চলাকালে জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও আয়োজকরা পালিয়ে যায়। পরে প্রশাসন মেলার জুয়ার আসর ভেঙে দেয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন সামগ্রী জব্দ করে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিক জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, উৎসবকে কেন্দ্র করে এ ধরনের অনিয়ম নতুন নয়; তবে প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া এ প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।