জ্বালানি সংকটে রাজশাহী থেকে ৩১ বাস বন্ধ: যাত্রীদের ভোগান্তি

যেসব বাস টার্মিনাল ছেড়েছে, সেগুলোও গড়ে ৩ ঘণ্টা বিলম্বে ছেড়েছে।
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে দেশের সড়ক পরিবহন খাতে। রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে একাধিক বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিকাল হতে রাত ১২টা পর্যন্ত রাজশাহী থেকে পরিচালিত ন্যাশনাল ট্রাভেলস-এর ১১টি বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারেনি। একই পরিস্থিতিতে অন্যান্য পরিবহন সংস্থার আরও প্রায় ২০টি বাস বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
হঠাৎ করে বাস বাতিলের ঘোষণায় টার্মিনালে উপস্থিত যাত্রীরা পড়েন বিপাকে। অনেকেই আগে থেকে টিকিট কেটে নির্ধারিত সময়ে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন বাস চলবে না। ফলে বিকল্প যানবাহন খোঁজার চেষ্টা করতে গিয়ে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
একাধিক যাত্রী অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস বাতিল হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে অনেকে টার্মিনালেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক এই সংকট যদি দ্রুত নিরসন না হয়, তাহলে সড়ক পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।






