সরাইল হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

চিকিৎসক সংকট, অবকাঠামো ঘাটতি ও উন্নয়ন থমকে যাওয়ার অভিযোগ।

টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতালের অবস্থা এতটাই নাজুক যে সেটি “নিজেই একটি রোগীর মতো” হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি মাত্র ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর অভাব রয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং অন্যান্য মৌলিক সুবিধারও ঘাটতি বিদ্যমান।

এমপি আরও জানান, হাসপাতালটির উন্নয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি থমকে আছে। বর্তমানে পুরনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চালানো হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালটিতে মোট ৬৪টি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ না করলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হবে।

সংসদে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।