স্কুল ছুটির পর টয়লেটে আটকা শিক্ষার্থী

অবহেলার অভিযোগ, কয়েক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার।
টুইট ডেস্ক: মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে টয়লেটে আটকা পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। দীর্ঘ সময় উৎকণ্ঠার পর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল প্রায় ৪টার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা নিয়ম অনুযায়ী বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় শিক্ষার্থী সাদিয়া বিদ্যালয়ের টয়লেটে আটকা পড়ে। কিছুক্ষণ পর সে আতঙ্কে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে পথচারীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন।
এদিকে শিশুটির বাবা মনিরুল ইসলাম মেয়েকে না পেয়ে খোঁজ নিতে বিদ্যালয়ে আসেন। পরে এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। তবে ভবনের কলাপসিবল দরজা বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে বের করা সম্ভব হয়নি। পরে এক শিক্ষিকাকে ডেকে আনা হলে তার উপস্থিতিতে সাদিয়াকে উদ্ধার করা হয়।
ঘটনার সময় বিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া মেলেনি, যা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে সাড়া পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের আশ্বাস দিয়ে জানান, সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের তদারকির বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুত্র: ইত্তেফাক






