১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

দল ক্ষমতায় আসার পর প্রতিজ্ঞা ভাঙলেন প্রবীণ বিএনপি সমর্থক।
টুইট ডেস্ক: নিজের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না-এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের প্রবীণ ইনু মিয়া। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর সেই প্রতিজ্ঞা ভেঙে পহেলা বৈশাখে আবার ভাত খেলেন তিনি।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে এই আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয়রা। এদিন সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজ হাতে ইনু মিয়ার মুখে ভাত তুলে দেন।
জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার পর ইনু মিয়া এই ব্যতিক্রমী অনশন শুরু করেন। এরপর টানা দেড় যুগ তিনি ভাত স্পর্শ করেননি; কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়ে জীবন ধারণ করেছেন। স্থানীয়ভাবে তার এই ত্যাগ ও অটল অবস্থান দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “দলকে ভালোবেসে ইনু মিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। তার এই প্রতীকী প্রতিবাদ আমাদের অনুপ্রাণিত করে।” এ সময় তিনি ইনু মিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণ এবং বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত করার আশ্বাস দেন।
ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন জানান, আত্মীয়-স্বজনদের অনেক অনুরোধ সত্ত্বেও এতদিন তিনি ভাত খাননি। তার একটাই শর্ত ছিল—দল রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত গ্রহণ করবেন না।
বর্তমানে বার্ধক্যজনিত কারণে কর্মক্ষমতা হারানো এই প্রবীণ একসময় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ক্ষমতায় আসার পর প্রিয় নেতার হাত থেকে ভাত গ্রহণের মধ্য দিয়ে তার সেই দীর্ঘদিনের অভিমান অবসান ঘটে।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






