জুলাই থেকে পঞ্চম প্রাথমিক শিক্ষা কর্মসূচি শুরু

ই-হেলথ কার্ড, শ্রমবাজার সম্প্রসারণ ও প্রযুক্তিখাতে নতুন উদ্যোগের ঘোষণা।
টুইট ডেস্ক: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পহেলা জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) শুরু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই পাঁচ জেলার জনগণকে কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে নতুন শ্রমবাজার খুঁজে বের করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। মালয়েশিয়া ও থাইল্যান্ডে শ্রমবাজার সম্প্রসারণের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, নদী শাসন ব্যয়বহুল হওয়ায় তুলনামূলক কম খরচে খাল খননের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি কুয়াকাটা অঞ্চলের কয়েকটি উপজেলা নিয়ে একটি জাতীয় পর্যটন মহাপরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে হাই-টেক পার্ক ও সফটওয়্যার পার্কগুলো কার্যকরভাবে পরিচালনা এবং দেশে আন্তর্জাতিক অনলাইন লেনদেন সেবা চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারের এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।






