মস্কো মঞ্চে ‘প্রিন্সেস রোজি’ ভাবনা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব; যাত্রাপালার রূপান্তরের গল্পে নতুন আলোচনায় নির্মাতা আসিফ ইসলাম।

বাংলাদেশি চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। আশনা হাবিব ভাবনা অভিনীত ‘প্রিন্সেস রোজি’ চরিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ জায়গা করে নিয়েছে মস্কো আন্তর্জাতিক

চলচ্চিত্র উৎসব-এর ৪৮তম আসরের আর্টকোর বিভাগে। এর মাধ্যমে বৈশ্বিক দর্শকের সামনে আবারও উন্মোচিত হচ্ছে বাংলাদেশের বিকল্পধারার সিনেমা।

চলচ্চিত্রটির নির্মাতা আসিফ ইসলাম এ অর্জনকে দেখছেন দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে।

তাঁর ভাষ্য, যাত্রাপালার পরিবর্তিত রূপ ও সমাজের বিনোদন,চাহিদার বিবর্তনই এই চলচ্চিত্র নির্মাণের মূল প্রেরণা।

আন্তর্জাতিক মঞ্চে নির্বাচনকে তিনি দলের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন।

এই সিনেমায় ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করা ভাবনার জন্য এটি ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ।

চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে তাঁকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে, পাশাপাশি আয়ত্ত করতে হয়েছে যাত্রাশিল্পীদের স্বতন্ত্র নৃত্য ও অভিনয়ভঙ্গি।

তাঁর মতে, এই চরিত্র শুধু বাহ্যিক নয়, মানসিকভাবেও তাঁকে রূপান্তর করেছে।

চলচ্চিত্রটির কাহিনিতে উঠে এসেছে যাত্রাপালার ক্রমাবনতি এবং দর্শকের চাহিদার চাপে বিনোদনের রূপান্তর।

এখানে ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পীর উত্থানের মধ্য দিয়ে সমাজের পরিবর্তিত রুচি ও সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরা হয়েছে।

অধিকাংশ অভিনয়শিল্পীই প্রকৃত যাত্রাশিল্পী হওয়ায় চলচ্চিত্রে বাস্তবতার ছাপ আরও স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একই উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছিল।

সেই ধারাবাহিকতায় নতুন চলচ্চিত্র নিয়ে আবারও মস্কোর মঞ্চে ফেরা,বাংলাদেশি চলচ্চিত্রের জন্য তা নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।