চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর হামলা, অভিযুক্ত শ্রমিকদল নেতা

বরিশালের বানারীপাড়ায় উত্তেজনা,অভিযোগ অস্বীকার অভিযুক্তের, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি স্থানীয়দের।

টুইট প্রতিবেদক: বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক পল্লী চিকিৎসকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতার বিরুদ্ধে।

রোববার (১২ এপ্রিল) রাতের এ ঘটনায় আহত চিকিৎসককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ‘নাহার মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি জিয়া সরদার ও তার সহযোগীরা। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়।

এ সময় দোকানের ক্যাশ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী নাছির উদ্দিন মিলন জানান, গত দুই বছরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার জোরপূর্বক আদায় করা হয়েছে।

সর্বশেষ বড় অঙ্কের চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বেধড়ক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা ওয়াসিম সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত জিয়া সরদার অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি, ভুল চিকিৎসার কারণে এক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ক্ষতিপূরণ চাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান তারা।