মেলান্দহে ইয়াবা কারবারে জড়িত দুই রাজনৈতিক নেতা গ্রেপ্তার

মেলান্দহে ৩৬০০ পিস ইয়াবা, নগদ টাকা উদ্ধার; বহিষ্কার ও মামলা এলাকায় স্বস্তি।
টুইট ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী অভিযানে যুবদল ও যুবলীগের দুই নেতাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) সকালে হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমীন শিলু এবং হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী।
অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ঘটনাস্থলেই তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে মেলান্দহ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগের তথ্য যাচাই করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেপ্তারের পরদিনভর তাদের ছাড়িয়ে নিতে প্রভাবশালী মহল থেকে তদ্বিরের চেষ্টা হয়েছে বলেও দাবি করেন অনেকে।
তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে।
এদিকে, ঘটনার পরপরই জেলা যুবদলের পক্ষ থেকে আল আমীন শিলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা।
মাদকবিরোধী এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অভিভাবক ও সচেতন মহল আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নির্মূলে কার্যকর অগ্রগতি আসবে।






