জাবিতে চৈত্রসংক্রান্তিতে ব্যাঙের ‘লোকজ বিয়ে’ আয়োজন

বৃষ্টির আশায় ঐতিহ্যবাহী বিশ্বাসকে কেন্দ্র করে নাটকীয় পরিবেশে ব্যাঙের কাল্পনিক বিয়ের ব্যতিক্রমী লোকজ উৎসব।

টুইট ডেস্ক: সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ব্যাঙের বিয়েকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী লোকজ আয়োজন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে চারুকলা ও নাট্যতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে এই কাল্পনিক বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিশ্বাস ও সংস্কৃতিকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়। কাঠ ও বাঁশের তৈরি ব্যাঙের মোটিফ ব্যবহার করে সাজানো হয় পুরো অনুষ্ঠান।

‘বর’ হিসেবে নতুন কলা ভবন থেকে ব্যাঙের প্রতীক নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় এবং সেটি নিয়ে যাওয়া হয় পুরাতন কলা ভবনে ‘কনেপক্ষের’ কাছে।

লোকজ রীতির আদলে কনেপক্ষ প্রবেশপথে বাধা সৃষ্টি করে এবং প্রতীকীভাবে স্বর্ণমুদ্রা দাবি করে।

পরে আলোচনার মাধ্যমে সেই শর্ত পূরণ করে বরপক্ষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। পরে মঞ্চে বসানো হয় ‘বর ব্যাঙ’-কে এবং কাগজের তৈরি ‘কনে ব্যাঙ’ আনা হয়।

অনুষ্ঠানে গ্রামবাংলার প্রচলিত রীতি অনুযায়ী দুই পক্ষের মধ্যে হাস্যরস, গান ও কৌতুকপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

অতিথিদের জন্য পরিবেশন করা হয় মুড়ি ও বাতাসা। পরে পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে ‘পান,চিনি’ আচার সম্পন্ন করে প্রতীকী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

আয়োজকদের মতে, চৈত্রের খরার সময় বৃষ্টির কামনায় গ্রামবাংলায় ব্যাঙের বিয়ের যে লোকজ বিশ্বাস প্রচলিত রয়েছে, সেটিকে সাংস্কৃতিকভাবে তুলে ধরতেই এ আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।