রূপালী ব্যাংকে নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বিশেষ সভা

হয়রানি ও বৈষম্য প্রতিরোধে অভিযোগ নিষ্পত্তি ও সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ।

টুইট ডেস্ক: দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে রূপালী ব্যাংক পিএলসি নারী কর্মীদের জন্য নিরাপদ ও বৈষম্যমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) আয়োজিত এ সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার সভাপতিত্ব করেন।

সভায় নারী কর্মীদের প্রতি হয়রানি প্রতিরোধ, জেন্ডার বৈষম্য দূরীকরণ, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা এবং কর্মক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গুলে জান্নাত এবং পিআরএডব্লিউজি টু প্রিভেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স প্রকল্পের পরিচালক জেসমিন আরা।

এছাড়া ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের নারী উপমহাব্যবস্থাপকগণ সভায় অংশ নেন।

পরিকল্পনা ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল আহমদ সভাটির সঞ্চালনা করেন, যিনি কমিটির ফোকাল পয়েন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের অভ্যন্তরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নীতিগত কাঠামো আরও কার্যকর করা, অভিযোগ ব্যবস্থাকে সহজলভ্য করা এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।