রাজশাহীবাসীকে প্রশাসকের নববর্ষের শুভেচ্ছা

নববর্ষে ঐক্যের আহ্বান। রাজশাহীবাসীর প্রতি প্রশাসকের শুভেচ্ছা, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা।
টুইট প্রতিবেদক: পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।
নববর্ষের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, বাংলা নববর্ষ নতুন স্বপ্ন, প্রত্যাশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিদায়ী বছরের দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব। এটি কেবল একটি বর্ষবরণ নয়, বরং আত্মশুদ্ধি ও সামষ্টিক অগ্রগতির একটি অনন্য সুযোগ।
তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার শক্ত ভিত্তি। এই উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। সকল ভেদাভেদ ভুলে একসূত্রে গাঁথা হয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে নববর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বছরের এই শুভক্ষণে তিনি সবাইকে সম্মিলিতভাবে রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও শান্তির নগরীতে রূপান্তরের অঙ্গীকার করার আহ্বান জানান।
বাণীর শেষে তিনি মহানগরবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।






