জবাবদিহিতায় প্রস্তুত আছে শিক্ষামন্ত্রী

সংসদে প্রতিদিন প্রশ্ন চান মিলন, পরীক্ষা ব্যবস্থায় কঠোর নজরদারির নির্দেশ।

টুইট প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত এবং এ প্রক্রিয়াকে স্বাগত জানান।

তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিদিন অন্তত একটি করে নোটিশ এনে তাকে জবাবদিহির সুযোগ দেওয়া হোক।

সোমবার দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় যশোর শিক্ষাবোর্ডসহ খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা ও বিদ্রূপ হলেও তা তিনি ইতিবাচকভাবেই নেন। তার ভাষায়, সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ এবং এটি দায়িত্ব পালনে আরও সতর্ক হতে সহায়তা করে।

সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

তারা পরীক্ষা ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও জবাবদিহিমূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে সরকারের এই বার্ত স্বচ্ছতা ও কঠোর নজরদারির মাধ্যমে একটি নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা,শিক্ষা খাতে জবাবদিহিতার নতুন প্রত্যাশা তৈরি করছে।