আইজিপির সঙ্গে জার্মান কূটনীতিকের বৈঠক

নির্বাচন নিরাপত্তা ও সাইবার সক্ষমতা জোরদারে সহযোগিতার আগ্রহ।
টুইট প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের উপ মিশন প্রধান আনজা কার্স্টেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জার্মান কূটনীতিক নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
তিনি বিশেষ করে জনসমাগম নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, ফরেনসিক বিশ্লেষণ এবং বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করেন।
এ সময় আনজা কার্স্টেন বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ভুয়া নথিপত্র যাচাই, আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা উন্নয়নেও সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির জার্মান সরকারের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, সাইবার অপরাধ দমন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি।
এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহায়তা বাংলাদেশ পুলিশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।






