হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ

ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

টুইট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নৌ অবরোধ পরিকল্পনার ঘোষণার পর আবারও বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সীমিত আকারে চলমান জাহাজ চলাচলও অবরোধ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, কিছু জাহাজ মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকদের মতে, অবরোধ ঘোষণার আগে পর্যন্ত স্বল্প পরিসরে হলেও জাহাজ চলাচল অব্যাহত ছিল। এমনকি কিছু শিপিং কোম্পানি যুদ্ধবিরতির ঝুঁকি নিয়ে মধ্যপ্রাচ্য উপসাগর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে নতুন ঘোষণার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়-এর সামুদ্রিক আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কার বলেন, নৌ অবরোধ আন্তর্জাতিক আইনে বৈধ হতে পারে, তবে তা নির্দিষ্ট শর্তের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, অবরোধ কোনো নিরপেক্ষ দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে না এবং বেসামরিক জনগণের খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত করা যাবে না। একই সঙ্গে অবরোধ কার্যকর করতে হলে তা নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে।

বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা জাহাজগুলোকে লক্ষ্য করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে। এর মাধ্যমে তেলের প্রবাহ নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করাই হতে পারে মূল উদ্দেশ্য।