বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

সংসদে স্পিকারের সঙ্গে বৈঠক, আস্থা ও সহযোগিতা আরও জোরদারের কথা
টুইট ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে, যা ধরে রাখতে উভয় দেশই কাজ করছে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, জ্বালানি, যোগাযোগ ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা নিবিড়ভাবে এগিয়ে যাচ্ছে। দুই দেশের জনগণের কল্যাণে যেসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করা সম্ভব, সেসব খাতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে।
প্রণয় ভার্মা বলেন, ইতিহাস ও সংস্কৃতির মিল দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।






