জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পরিবারের কাছে ফিরলেন তিনি।
টুইট ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের মূল ফটক দিয়ে তিনি মুক্ত হয়ে বেরিয়ে আসেন।
কারা কর্তৃপক্ষের বক্তব্য
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর প্রধান কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।
উচ্চ আদালতের জামিন
আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।
পরে জামিন আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।






