মার্কিন-ইরান টানাপোড়েন: সম্মান দেখালে সমঝোতার ইঙ্গিত পেজেশকিয়ানের

কর্তৃত্ববাদী অবস্থান ছাড়ার আহ্বান; আলোচনায় অগ্রগতির আশাবাদ তেহরানের।

টুইট প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতার সম্ভাবনার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ওয়াশিংটন যদি কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে এবং ইরানি জাতির ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখায়, তাহলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের হওয়া সম্ভব।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

তার এই বক্তব্যকে তেহরান-ওয়াশিংটন সম্পর্কের সাম্প্রতিক অচলাবস্থায় একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের ভূয়সী প্রশংসাও করেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, আলোচনায় জড়িত প্রতিনিধিদের প্রচেষ্টা ইতিবাচক এবং তারা দেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছেন। একই সঙ্গে তাদের জন্য শুভকামনাও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, কঠোর অবস্থানের মধ্যেও তেহরান আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি।

বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে একটি কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ার আগ্রহ স্পষ্ট হচ্ছে।

তবে এখন প্রশ্ন? ওয়াশিংটন এই বার্তায় কীভাবে সাড়া দেয়।

কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে বাস্তব কোনো সমঝোতায় পৌঁছাতে হলে পারস্পরিক আস্থার ঘাটতি দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।