রাজধানীতে কিশোর গ্যাং দ্বন্দ্বে খুন ‘এলেক্স ইমন’

মোহাম্মদপুরে আধিপত্যের সংঘর্ষে নৃশংস হামলা, তিনজন আটক; অস্ত্র উদ্ধার।

টুইট ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ‘এলেক্স ইমন’ নামে এক কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার বিকেলে বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইমনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ছুরিকাঘাতে ইমনের মৃত্যু ঘটে।

ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন।

তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই পক্ষ অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করছে।

সংঘর্ষের একপর্যায়ে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশ জানিয়েছে, হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়।

স্থানীয়দের মতে, রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এ ঘটনার মধ্য দিয়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নিলো বলে মনে করছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।