আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থান রক্ষা ও শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান।

টুইট ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আন্দোলনের ঘোষণা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি” এমন ঘোষণার মধ্য দিয়ে রাজপথে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই কর্মসূচি গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিতদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো

একক দল বা জোটের আন্দোলন নয়; বরং “বাংলাদেশকে রক্ষা” এবং “জুলাই গণ-অভ্যুত্থানকে সুরক্ষিত রাখা”র সংগ্রাম।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিভিন্ন কাঠামো,যেমন জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিশ্রুত লক্ষ্যে পুরোপুরি কার্যকর হয়নি।

বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তারা বড় বড় কথা বললেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে।

আন্দোলনের কৌশল প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এবার শহীদ পরিবার বা আহতদের সামনে রাখা হবে না; বরং রাজনৈতিক নেতৃত্বই সামনের সারিতে থাকবে।

“গুলি এলে আগে আমাদের বুকে লাগবে” এমন বক্তব্য দিয়ে তিনি কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা আন্দোলনে আত্মত্যাগ করেছেন,কেউ সন্তান হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন,তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

একটি “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, নাহিদ ইসলামের এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে রাজপথে উত্তেজনা বাড়াতে পারে।

বিশেষ করে “পরাশক্তি বা বৈদেশিক শক্তি”কেও চ্যালেঞ্জ জানানোর ভাষা রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে বলে ধারণা করা হচ্ছে।