ফাস্টফুড খাতে দক্ষ জনবল গড়ে তুলতে নতুন উদ্যোগ

 

টেস্টি ট্রিট-বিপিটিসি চুক্তিতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সেবার মানোন্নয়নের লক্ষ্য।

টুইট ডেস্ক: রাজধানীতে ফাস্টফুড খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান টেস্টি ট্রিট ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে এক বছর মেয়াদি সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

টেস্টি ট্রিটের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পক্ষে প্রিন্সিপাল মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

চুক্তির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শেফদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সরাসরি শিল্পখাতে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তব কর্মপরিবেশে দক্ষতা প্রয়োগের সুযোগ তৈরি করবে, যা দেশের খাদ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

টেস্টি ট্রিটের হেড অব মার্কেটিং মো. সামি-উর রহমান জানান, প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে গ্রাহকদের উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “প্রশিক্ষণার্থীদের জন্য খাবার, পোশাক, প্রয়োজনীয় সরঞ্জাম এবং জরুরি চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে যোগ্যদের টেস্টি ট্রিটের বিভিন্ন শাখায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, যা তরুণদের জন্য নতুন কর্মপথ উন্মুক্ত করবে।

খাত সংশ্লিষ্টদের মতে, দেশে ফাস্টফুড শিল্প দ্রুত সম্প্রসারিত হলেও দক্ষ কর্মীর ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এই উদ্যোগ সেই ঘাটতি পূরণের পাশাপাশি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পর্যটন ও আতিথেয়তা খাতের সঙ্গে ফাস্টফুড শিল্পের সংযোগ আরও জোরদার করবে।