শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস

জ্বালানি সংকটে পাইলট উদ্যোগ, সপ্তাহে তিন দিন ভার্চুয়াল পাঠদান

টুইট ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ এই কার্যক্রম শুরু হয়।

ভার্চুয়াল ক্লাসে শিক্ষক-শিক্ষার্থী

নতুন ব্যবস্থায় শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ শ্রেণিকক্ষ থেকেই অনলাইনে পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে ভার্চুয়ালি ক্লাসে অংশ নিচ্ছে।

শিক্ষকরা জানান, আপাতত কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও চালু করা হবে।

অনলাইন-অফলাইনের সমন্বিত রুটিন

পরীক্ষামূলক এই ব্যবস্থায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার-অনলাইন
শনিবার, সোমবার ও বুধবার-অফলাইন

সরকারের পরিকল্পনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগরের স্কুল-কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে এই কার্যক্রম চালু করা হয়েছে। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

ডিজিটাল শিক্ষায় রূপান্তরের লক্ষ্য

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে অভ্যস্ত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি জ্বালানি ব্যবহারের চাপ কমিয়ে একটি টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।